টুলু মণ্ডলের বিরুদ্ধে লুকআউট সার্কুলার নেই, হাইকোর্টে জানাল রাজ্য

টুলু মণ্ডলের বিরুদ্ধে বর্তমানে কোনো লুকআউট সার্কুলার জারি নেই বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে নতুন করে কোনো সার্কুলার জারি হলে তা আদালতকে জানানো হবে।
টুলু মণ্ডলের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার সংক্রান্ত কোনো মামলা না থাকায় আদালত এ বিষয়ে পদক্ষেপ করতে পারবে না বলেও রাজ্য স্পষ্ট করেছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলু মণ্ডল রক্ষাকবচ পেয়েছেন। তাই শুনানিতে তাড়াহুড়োর প্রয়োজন নেই। তবে টুলু মণ্ডলের আইনজীবী এই বক্তব্যের বিরোধিতা করেন।
বিচারপতি অজয় মুখোপাধ্যায় টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন বিদেশে থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন টুলু মণ্ডল। দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে নতুন করে কোনো লুকআউট সার্কুলার জারি হয়েছে কি না, তা জানতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মহম্মদবাজার থানায় হাজিরা দেন তিনি। সেখানে জিজ্ঞাসাবাদের পর দুপুর ২টো নাগাদ সিউড়ি থানায় গিয়েও তদন্তকারীদের মুখোমুখি হন টুলু মণ্ডল। মামলার মাধ্যমে তদন্তের গতিপথ জানার চেষ্টা করা হচ্ছে বলে আদালতে সওয়াল করেছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য।
