টুলু মণ্ডল কাণ্ডে অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল আটক, জালে সরকারি কর্মচারীও – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশেষ সংবাদদাতা: বীরভূমের বহুল চর্চিত টুলু মণ্ডল কাণ্ডে এ বার পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার রাত পর্যন্ত বোলপুর বাইপাস সংলগ্ন সায়গলের ফ্ল্যাটে দীর্ঘ সময় তল্লাশি চালায় পুলিশ। এর পর শনিবার রাতেই তাঁকে আটক করা হয়। রবিবারে তাঁকে সিউড়ি আদালতে হাজির করানো হতে পারে। তবে তাঁর ফ্ল্যাট থেকে ঠিক কী কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সায়গল হোসেন সম্পর্কে টুলু মণ্ডলের শ্যালক। তিনি ইতিপূর্বেও গরু পাচার ও কয়লা কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ছিলেন এবং প্রায় আড়াই বছর জেল খেটে বর্তমানে জামিনে মুক্ত অবস্থায় বোলপুরের ফ্ল্যাটেই বসবাস করছিলেন।
অন্যদিকে, শুধু সায়গলের ফ্ল্যাটই নয়, শনিবার পুলিশ হানা দেয় টুলুর আর এক শ্যালক মিঠু মণ্ডলের বিলাসবহুল বাড়িতেও। বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন এই আধুনিক বাড়িতে সুইমিং পুল, বিশাল পার্কিং এলাকা ও সেন্সর চালিত স্লাইডিং গেট রয়েছে। সেখানে প্রায় চার ঘণ্টা তল্লাশি চালায় তদন্তকারী দল।
এ ছাড়া, টুলু মণ্ডল কাণ্ডে এই প্রথম কোনো সরকারি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। সিউড়ি মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের (SDLLRO) হেড ক্লার্ক প্রবীর দাসকে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়। প্রবীরের বাড়িতে শুক্রবার রাতে তল্লাশির পরই তাঁকে হেফাজতে নেওয়া হয়। শনিবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
