টোটোয় পড়েছিল লক্ষাধিক টাকা! চালকের মহৎ কাজ দেখে হতবাক সকলে! – এবেলা

এবেলা ডেস্কঃ
সততার এক অনন্য নজির সৃষ্টি করলেন কৃষ্ণনগরের এক টোটোচালক। যাত্রীর ভুলে টোটোয় ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ সততার সঙ্গে মালিকের হাতে ফিরিয়ে দিয়ে এলাকাবাসীর মন জয় করে নিয়েছেন বীরনগরের লিচু ফার্ম এলাকার বাসিন্দা প্রশান্ত মণ্ডল। জানা গিয়েছে, বীরনগরের বাসিন্দা দুর্গাচরণ বিশ্বাস তাড়াহুড়োয় টোটোয় ব্যাগটি ফেলে বাড়ি চলে যান। পরে বাড়ি গিয়ে বিষয়টি মনে পড়তেই তাঁর মাথায় হাত পড়ে। এদিকে টোটোচালক প্রশান্ত মণ্ডল যাত্রীকে নামিয়ে গাড়ি নিয়ে ফেরার পথে ব্যাগের মধ্যে ওই বিপুল পরিমাণ টাকা দেখতে পান। চাইলেই টাকাগুলো আত্মসাৎ করতে পারতেন তিনি, কিন্তু লোভের কাছে হার না মেনে তিনি নিজেই ব্যাগটির মালিকের সন্ধান শুরু করেন এবং থানায় খবর দেন। পরবর্তী সময়ে পুলিশের সহযোগিতায় প্রকৃত মালিক দুর্গাচরণ বিশ্বাসের হাতে সমস্ত টাকা তুলে দেওয়া হয়। লক্ষাধিক টাকা অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দুর্গাচরণবাবু। প্রশান্ত মণ্ডলের এই সততা ও মানবিকতার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দিন আনা দিন খাওয়া মানুষ হয়েও প্রশান্ত প্রমাণ করেছেন যে অসৎ উপায়ে ধনী হওয়ার চেয়ে নৈতিকতা অনেক বেশি মূল্যবান।
