ট্র্যাভেলার্স গিল্ডের হাত ধরে ফিরছেন অভিযাত্রীরা!

ট্র্যাভেলার্স গিল্ডের হাত ধরে ফিরছেন অভিযাত্রীরা!

 

নেপালে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বসিরহাটের অভিযাত্রীরা ফিরছেন দেশে

নিজস্ব প্রতিবেদন, বসিরহাট: নেপালে এভারেস্ট বেস ক্যাম্প অভিযানে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়া বসিরহাটের ২৯ জন অভিযাত্রী দেশে ফিরছেন। তীব্র তুষারপাত ও প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েও অভিযাত্রীদের সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছে বসিরহাট ট্র্যাভেলার্স গিল্ড।

গত ১ অক্টোবর ২৯ জনের একটি দল বসিরহাট থেকে এভারেস্ট বেস ক্যাম্প অভিযানের উদ্দেশ্যে রওনা হয়। দলনেতার অনুমতি নিয়ে ১০ জন অভিযাত্রী লোবুচে যাত্রা করলেও বাকি ১৯ জন নেপালের ডিংবোচে এলাকায় ১৪,৪৭০ ফুট উচ্চতায় ‘গুডলাক’ হোটেলে ওঠেন। ৩০ অক্টোবর সেখানে প্রচণ্ড তুষারপাতের সময় হোটেলটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। কাঠের তৈরি ওই হোটেলটি মুহূর্তে ভস্মীভূত হয়ে যায় এবং অভিযাত্রীদের সমস্ত লাগেজ, পোশাক, জুতো, প্রয়োজনীয় ওষুধ ও টাকা পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিযাত্রী অর্ণব পাল জানান, তাঁরা হোটেলের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান, কিন্তু সহায়-সম্বল হারিয়ে তাঁরা চরম সংকটে পড়েন। পরে কোনোমতে প্রাণ বাঁচিয়ে তাঁরা প্যাংবোচেতে নেমে আসেন। সেখান থেকে পরিস্থিতি সামাল দিতে দলটি দুটি ভাগে ভাগ হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, ১৪ জনের একটি দল বুধবার নেপালের লুকলা হ্যালিপ্যাড হয়ে কাঠমান্ডু পৌঁছায়। তারা বৃহস্পতিবার বীরগঞ্জ হয়ে বিহারের রকসোল সীমান্ত দিয়ে ট্রেনে আগামী ৮ নভেম্বর শিয়ালদহ পৌঁছাবে। অন্যদিকে, ১৫ জনের অপর দলটি জনকপুর রোড হয়ে বিহারের জয়নগর স্টেশনে পৌঁছাচ্ছে। সেখান থেকে গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে তারা ৭ নভেম্বর শিয়ালদহে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

অভিযাত্রীদের উদ্ধারের জন্য ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের কাছে আবেদন জানানো হলেও সরকারি তরফে কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ তুলেছে বসিরহাট ট্র্যাভেলার্স গিল্ড। গিল্ডের সহ-সভাপতি দীপক বসু বলেন, “সরকারি সহায়তা না পেয়ে বাধ্য হয়ে আমরা নিজেরাই চাঁদা তুলে অভিযাত্রীদের ফেরার খরচ জুগিয়েছি।” সাধারণ সম্পাদক শান্তিকুমার রায় জানিয়েছেন, অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিপদের মুখে পড়লেও দলের প্রত্যেকেই সুস্থ রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *