লেটেস্ট নিউজ

ঠাকুরনগরে মতুয়া মহামেলায় পুণ্যস্নান: ‘ভোটার তালিকায় নাম তুলে দাও ঠাকুর’, ভক্তদের আর্জি – এবেলা

এবেলা ডেস্কঃ

বনগাঁর ঠাকুরনগরে মহাসমারোহে শুরু হয়েছে মতুয়া ধর্ম মহামেলা। সোমবার থেকেই ঠাকুরবাড়ির কামনা সাগরে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত পুণ্যস্নানে সামিল হয়েছেন। তবে উৎসবের আবহেও বিষাদের ছায়া নেমেছে বহু মতুয়া পরিবারে। এসআইআরে প্রচুর সংখ্যক মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া এবং অনেকের নাম বিচারাধীন তালিকায় থাকায় ভক্তদের মনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

পুণ্যস্নানের সময় ভক্তদের কণ্ঠে শোনা যাচ্ছে একটাই প্রার্থনা, “ভোটার তালিকায় নাম তুলে দাও ঠাকুর।” মালদহ থেকে আসা অরবিন্দ বিশ্বাস বা স্থানীয় স্বপ্না বিশ্বাসের মতো অনেকেরই স্বজনদের নাম তালিকাভুক্ত হয়নি। এই বঞ্চনায় ক্ষোভ প্রকাশ করে অনিতা বিশ্বাসের মতো ভক্তরা জানিয়েছেন, তাঁরা হিন্দু হওয়া সত্ত্বেও নাম বাদ যাওয়ায় প্রয়োজনে আন্দোলনে নামবেন। ডঙ্কার আওয়াজে মন ভালো করার চেষ্টা করলেও অধিকার হারানোর ভয় তাঁদের তাড়া করে বেড়াচ্ছে।

মতুয়া মেলা উপলক্ষে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা জানালে তৃণমূল নেত্রী মমতা ঠাকুর কেন্দ্রের কাছে মতুয়াদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় মতুয়াদের অধিকার রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। উৎসব প্রাঙ্গণে একদিকে যেমন ধর্মীয় আবেগ উপচে পড়ছে, অন্যদিকে নাগরিকত্বের অধিকার রক্ষার লড়াই মেলাকে এক বিশেষ তাৎপর্য দান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *