ঠেলা চালালেই এখন চার চাকার গাড়ি! ভূতুড়ে তথ্যে রেশন বন্ধ পুরুলিয়ার দুই ভাইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ
ঘটনাটি পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের আমডিহা জামাই পাড়ার। সেখানে ভাঙাচোরা, জরাজীর্ণ টিনের চাল আর ত্রিপল দেওয়া ঘরে কোনোমতে দিন কাটান দুই ভাই—দিলীপ রায় ও প্রদীপ রায়। দুই বছর আগে আবাস যোজনার একটি ঘর পেলেও আর্থিক টানাটানি তাঁদের নিত্যসঙ্গী। এক ভাই পেশায় টোটো চালক, অন্যজন ঠেলা চালিয়ে কোনোক্রমে সংসার টানেন।
চলতি বছরের জুলাই মাস পর্যন্ত পরিবারটির ৮টি এসপিএইচএইচ (SPHH) কার্ডেই ঠিকঠাক মিলছিল সরকারি রেশন। কিন্তু হঠাৎই একটি মেসেজ এসে সব ওলটপালট করে দেয়। মেসেজে জানানো হয়, তাঁরা নাকি চার চাকার দামি গাড়ির মালিক! আর সেই অকাট্য “যুক্তিতে” মুহূর্তেই বাতিল করে দেওয়া হয় পরিবারের ৫টি কার্ড।
কান্নায় ভেঙে পড়ে দুই ভাই জানান, তাঁদের বাড়িতে একটা ঠেলা আর একটা টোটো ছাড়া কোনো গাড়িই নেই। কিন্তু রেশন দোকান থেকে খাদ্য দপ্তর—সব জায়গাতেই এক উত্তর, তাঁদের নামে চার চাকার গাড়ি থাকায় এই কার্ড পাওয়ার যোগ্যতা তাঁরা হারিয়েছেন।
“আমরা ঠেলা আর টোটো চালিয়ে খাই, আমাদের চার চাকার গাড়ি এলো কোথা থেকে?” — প্রশ্ন দুই ভাইয়ের।
ঘটনাটি জানতে পেরে তাঁদের পাশে দাঁড়ান পুরুলিয়া জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ। তিনি পরিবারটির সাথে দেখা করে জানান, সম্ভবত ভুল তথ্যের কারণেই এমনটা ঘটেছে। স্থানীয় বিধায়কের সাথে কথা বলে কার্ডগুলো চালুর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে, পুরুলিয়া জেলা খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে যতদিন না এই সমস্যা মিটছে, ততদিন রেশনের চাল-গম বন্ধ থাকায় তীব্র দুশ্চিন্তায় দিন কাটছে এই সহায়সম্বলহীন পরিবারের।
