‘ডাকাতরানি’ স্লোগান নিয়ে বিস্ফোরক দাবি! কুণালের শব্দবন্ধই কি অনুপ্রেরণা? – এবেলা

এবেলা ডেস্কঃ
হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিক্ষোভ এবং স্লোগান দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার নিহত এক তৃণমূল কর্মীর বাসভবনে যাওয়ার পথে জনরোষের মুখে পড়েন তিনি। কাচঢাকা গাড়িতে ইট ও কাদা লেপার পাশাপাশি রাস্তার দুধারে নানা স্লোগান ওঠে। এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, কনভয়ে কাদা বা জুতো ছোঁড়ার সঙ্গে তাঁদের দলের কোনও হাত নেই এবং এই আচরণ বাংলার সংস্কৃতির পরিপন্থী। একই সুর শোনা গেছে অগ্নিমিত্রা পালের গলাতেও।
তবে গোটা বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, সাম্প্রতিক স্লোগানের অনুপ্রেরণাদাতা খোদ তৃণমূল নেতা কুণাল ঘোষ। অতীতে কুণালের মন্তব্য টেনে তিনি বলেন, কুণালবাবু অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে যে শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছে সাধারণ মানুষ। নিজের ওপর হওয়া অতীতের বিভিন্ন হামলার কথা স্মরণ করিয়ে দিলীপ জানান, জনগণের রাগ প্রকাশ করার অধিকার রয়েছে। অন্যদিকে, এই ঘটনার রেশ ধরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তীব্র আক্রমণ শানিয়েছেন।
