ডাল রান্নার সময় এই ভুলগুলো করছেন না তো? জেনে নিন প্রোটিন ধরে রাখার সঠিক উপায়

শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে ডাল আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় অপরিহার্য। তবে রান্নার সঠিক পদ্ধতি না জানায় আমরা অজান্তেই ডালের পুষ্টিগুণ নষ্ট করে ফেলি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুকনো ডাল সরাসরি রান্না করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ডালে থাকা ফাইটিক অ্যাসিড ও ট্যানিন আয়রন এবং জিঙ্ক শোষণে বাধা দেয়। তাই মুসুর ডাল অন্তত ৩০ মিনিট এবং অড়হর বা বিউলির ডাল ১-২ ঘণ্টা ভিজিয়ে রাখা জরুরি। এতে ডাল সহজে হজম হয় এবং পুষ্টিগুণ বজায় থাকে।
ডাল রান্নায় আমরা সাধারণত ভিজিয়ে রাখা জল ফেলে দিয়ে নতুন জল ব্যবহার করি, যা একটি বড় ভুল। ডাল ভেজানো জলে প্রচুর ভিটামিন ও খনিজ মিশে থাকে, তাই ওই জলসহ রান্না করাই শ্রেয়। এছাড়া ডাল সেদ্ধ করার শুরুতেই নুন দেওয়া উচিত নয়। এতে ডাল সেদ্ধ হতে যেমন সময় বেশি নেয়, তেমনি প্রোটিনের গঠনও ভেঙে যায়। সঠিক পদ্ধতি হলো ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন মেশানো।
অতিরিক্ত সেদ্ধ বা ‘ওভারকুকিং’ ডালের ফাইবার এবং ভিটামিন বি-কমপ্লেক্স নষ্ট করে দেয়। প্রেশার কুকারে ২-৩টি সিটি দেওয়াই ডালের পুষ্টি ও স্বাদ বজায় রাখার জন্য যথেষ্ট। অতিরিক্ত তেল-মশলার বদলে হিং, জিরে বা আদা দিয়ে ফোরন দিলে তা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। প্রোটিনের সঠিক গুণমান পেতে রান্নার সময় এই ছোটখাটো বিষয়গুলোর দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। সঠিক পদ্ধতিতে রান্না করা ডালই শরীরকে প্রকৃত পুষ্টি প্রদান করতে সক্ষম।
