ডিলিমিটেশন-মহিলা সংরক্ষণ পাশ হলেই ‘বড় চাল’? ঝুলি থেকে কী বার করবে কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ
সংসদে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলছে কেন্দ্রীয় সরকার। ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআরএ সংশোধনী বিল নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে কেন্দ্র। বিগত কিছু সময় ধরে রাজনৈতিক সমীকরণ এবং বিরোধী শিবিরে ভাঙন ধরাার জল্পনার মাঝেই এই কৌশলগত অবস্থান নিয়েছে শাসকদল। তবে সব রাজ্যে যদি অন্তত পঞ্চাশ শতাংশ হারে আসন বৃদ্ধি নিশ্চিত হয়, তবেই আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন জানানোর কথা জানিয়েছে ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি।
অন্যদিকে, এফসিআরএ বিলটি নিয়ে চার্চ ও বিভিন্ন খ্রিস্টান সংগঠনের তীব্র আপত্তির মুখে পড়েছে সরকার। ওই সংগঠনগুলির দাবি মেনে এই বিল হয় প্রত্যাহার করা হোক, নতুবা পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হোক। তা না হলে ডিএমকে ও এনসিপির মতো আঞ্চলিক দলগুলির সঙ্গে কেন্দ্রের দূরত্ব তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে শুধুমাত্র সংখ্যার জোরে বিলটি পাশ করিয়ে বিরোধীদের ক্ষুব্ধ করা বুদ্ধিমানের হবে কি না, তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। আজকের বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকেই নির্ধারিত হবে সংসদের পরবর্তী কার্যতালিকা এবং বিরোধী জোটের মূল রণকৌশল।
