ডিসি সংস্কার তহবিলে ৩০০ মিলিয়ন পাউন্ডের রহস্যময় অনুদান, দাতা অজ্ঞাত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংস্কারের জন্য ন্যাশনাল পার্ক সার্ভিসের একটি ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন পাউন্ডের বিশাল অঙ্কের অনুদান জমা পড়েছে। এই বিপুল অর্থের উৎস এবং দাতার পরিচয় নিয়ে রহস্য তৈরি হয়েছে।
সরকারি রেকর্ড অনুযায়ী দাতার পরিচয় শনাক্ত করা যায়নি এবং ট্রাম্প প্রশাসনও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে। সাধারণত এই তহবিলে বছরে ১০০ মিলিয়ন পাউন্ডের কম অর্থ জমা পড়ত। তবে ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে এই তহবিলে প্রায় ৭৯০ মিলিয়ন পাউন্ড জমা হয়েছে।
স্বরাষ্ট্র বিভাগের অ্যাটর্নি টনি আইরিশ এই তহবিলের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সেপ্টেম্বরে ৫০ মিলিয়ন পাউন্ড অনুদান প্রত্যাশা করা হলেও প্রায় ৩৪৭ মিলিয়ন পাউন্ড জমা পড়েছে। স্বচ্ছতার অভাবে সরকারি সিদ্ধান্তে কর্পোরেট প্রভাবের আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই সংস্কার উদ্যোগে লকহিড মার্টিন, অ্যাপল, এনভিডিয়া, গুগল এবং মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। হোয়াইট হাউস বা স্বরাষ্ট্র বিভাগ ব্যক্তিগত দাতাদের নাম প্রকাশ না করলেও, ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেছে। প্রশাসনের মুখপাত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিকে নিরাপদ ও সুন্দর করে তোলার জন্য অভূতপূর্ব কাজ করেছেন।
উল্লেখ্য, এই ন্যাশনাল পার্ক সার্ভিস তহবিলটি ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’ নামক অলাভজনক সংস্থা থেকে সম্পূর্ণ আলাদাভাবে পরিচালিত হয়। দাতার পরিচয় গোপন রাখা এবং তহবিলের এই আকস্মিক উত্থান নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে।
