ড্যারিল মিচেলকে বল ছোড়া নিয়ে মুখ খুললেন অর্শদীপ সিং

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের ইনিংসের এগারোতম ওভারে অর্শদীপ সিংয়ের ছোড়া বল ড্যারিল মিচেলের শরীরে আঘাত করলে মাঠে উত্তেজনার সৃষ্টি হয়। উইকেটে বল মারার প্রচেষ্টায় বলটি মিচেলের গায়ে লাগলে নিউজিল্যান্ডের এই ব্যাটার ক্ষোভ প্রকাশ করেন। তবে ঘটনার পরপরই দুই খেলোয়াড়কে সৌজন্য বিনিময় করতে দেখা যায়।
এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ভারতীয় দলের বাঁ-হাতি পেসার অর্শদীপ জানান, তিনি ইচ্ছাকৃতভাবে মিচেলকে আঘাত করেননি। তার দাবি, বলটি অপ্রত্যাশিতভাবে রিভার্স সুইং করায় তা মিচেলের গায়ে লাগে। তিনি বিষয়টি নিয়ে মিচেলের কাছে দুঃখপ্রকাশও করেছেন। অর্শদীপ জানান, তিনি ভাবেননি যে তার থ্রো এতটা সুইং করবে।
বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়ে অর্শদীপ বলেন, এই মুহূর্তে আবেগ সামলানো কঠিন। দলের প্রতিটি সদস্যের ওপর বিশ্বাস ছিল বলেই এই সাফল্য এসেছে। উল্লেখ্য, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির গড়েছে। আয়োজক দেশ হিসেবে শিরোপা জয় এবং তিনবার বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ডও গড়েছে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল।
