তামিলনাড়ুতে ‘বিজয়’ ঝড়! কোলাথুরে পরাজিত বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন

চেন্নাই: বাংলার মতোই এক অভাবনীয় রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল দক্ষিণ ভারত। তামিলনাড়ুতে ডিএমকে শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার অলিন্দে বড়সড় পরিবর্তন নিয়ে এল সুপারস্টার থলপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাঝাগাম’ (TVK)। এই মহাযুদ্ধে সবথেকে বড় চমক খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পরাজয়।
কোলাথুরে ভরাডুবি
তামিলনাড়ুর রাজনীতিতে করুণানিধি-পুত্র এমকে স্ট্যালিন যে কেন্দ্রটিকে নিজের দুর্গ বানিয়ে ফেলেছিলেন, সেই কোলাথুর বিধানসভা কেন্দ্রেই এবার বিপর্যয় ঘটল। টিভিকে প্রার্থী ভিএস বাবুর কাছে ৮,৭৯৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন স্ট্যালিন। গণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ হাসি হেসেছেন বিজয়ের সেনাপতিই।
তৃতীয় স্থানে এআইএডিএমকে
এই হাই-ভোল্টেজ আসনে কার্যত লড়াই থেকে ছিটকে গিয়েছে একসময়ের শাসক দল এআইএডিএমকে। তাদের প্রার্থী পি সান্থানা কৃষ্ণাণ তৃতীয় স্থানে শেষ করেছেন। দুই দ্রাবিড় দলের দীর্ঘ লড়াইয়ের মাঝে টিভিকে-র এই জয় দাক্ষিণাত্যের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করল।
ডিএমকে শিবিরে শোকের ছায়া
বিজয় ও তাঁর দলের এই জয় মেনে নিতে রীতিমতো সমস্যায় পড়েছে ডিএমকে শিবির। প্রশাসনিক মহলের ধারণা ছিল স্ট্যালিন সহজেই নিজের আসন ধরে রাখবেন, কিন্তু ইভিএম খুলতেই সমস্ত হিসাব উল্টে যায়। বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর রাজনীতির ভোল বদলে দিল।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।
