তারাতলায় ভয়াবহ বিপর্যয়: ধ্বংসস্তূপ খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: তারাতলার মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এবার ময়দানে নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের একটি উচ্চপর্যায়ের দল। ধ্বংসস্তূপের গভীরে ঠিক কী লুকিয়ে আছে এবং কী কারণে এমন ভয়াবহ বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখতে আজ পাঁচ সদস্যের এই বিশেষজ্ঞ দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
কী জানা যাচ্ছে? কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধেই যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারদের এই টিম এলাকা পরিদর্শনে আসে। উদ্ধারকাজ সম্পূর্ণ হলেই এই বিশেষজ্ঞ দলটি ধংসস্তূপ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করবে।
বিশেষজ্ঞ দলের সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ধ্বংসাবশেষের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে—নকশাগত ত্রুটি, উপকরণের নিম্নমান নাকি অন্য কোনো কারিগরি কারণে এই বিপর্যয় ঘটল। এই পরীক্ষার রিপোর্টই দুর্ঘটনার আসল কারণ স্পষ্টভাবে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।
