তারেকের ভারত সফর ঘিরে অনিশ্চয়তা: ‘আগে অনেক কিছু ঘটবে,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাংলাদেশের মন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা চরমে। দিল্লিতে আয়োজিত হতে যাওয়া ‘BRICS’ সামিট আউটরিচে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে সফরটি বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এই সফর নির্ভর করছে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি ও প্রধানমন্ত্রীর সফরসূচির ওপর। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় BRICS সামিট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “BRICS এখনও অনেক দেরি। তার আগে এক মাসে অনেক কিছু ঘটবে।” তিনি ইঙ্গিত দেন, কূটনৈতিক পরিস্থিতি অনুকূল থাকলে ভারত ও জাপান সফরের পরিকল্পনা করা হতে পারে।
২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তন এবং সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। বাংলাদেশের মূল দাবি, ভারত যেন অবিলম্বে শেখ হাসিনাকে হস্তান্তরিত করে। এই উত্তপ্ত আবহের মধ্যেও দুই দেশের শীর্ষ নেতৃত্ব একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, শীর্ষ স্তরে মুখোমুখি আলোচনা হলে দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোর জলঘোলা কাটিয়ে সম্পর্ক আবার স্বাভাবিকের পথে হাঁটতে পারে।
