তোলাবাজিতে নামল খাঁড়া! গ্রেপ্তার দাঁতনের প্রাক্তন তৃণমূল সভাপতি মণিশঙ্কর মিশ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
খড়গপুর: এবার কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন দাঁতন-১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মণিশঙ্কর মিশ্র। বুধবার রাতে খড়গপুর পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে দাঁতন আদালতে পেশ করা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
কী অভিযোগ?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের ক্ষমতা থাকাকালীন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত তোলা আদায় এবং কাটমানি নেওয়ার অভিযোগ ছিল মণিশঙ্করের বিরুদ্ধে। প্রভাবশালীর দাপটে ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি।
সম্প্রতি এক সিমেন্ট ব্যবসায়ী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, নেকুড়সিনি রেক থেকে মাল খালাস করতে গেলেই মণিশঙ্করের দাবি মতো টাকা দিতে হতো। টাকা দিতে অস্বীকার করলেই মাল লোডিং-আনলোডিংয়ে বাধা দেওয়া হতো। এমনকি ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পরেই ব্যবসায়ী সাহসের সঙ্গে থানায় অভিযোগ জানান, যার ভিত্তিতেই এই দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে নিয়ে ওই নেতার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
