“তোলাবাজি না থামলে আসবে না বিনিয়োগ!” সিন্ডিকেট ও পুলিশি জুলুমের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু-দিলীপ – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে সিন্ডিকেটরাজ ও তোলাবাজি বন্ধে প্রশাসন কড়া পদক্ষেপ করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এবার প্রকাশ্যে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। মিলন মেলায় আয়োজিত বস্ত্র শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যে বিনিয়োগ টানতে হলে আগে আইনশৃঙ্খলা ও তোলাবাজির পরিবেশ বদলাতে হবে। তিনি আশ্বাস দেন, গত তিন মাসে পরিস্থিতির বদল শুরু হয়েছে এবং ভবিষ্যতে আর কোনো গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। পরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভপ্রকাশ করে জানান, রাজ্যে প্রতিদিন প্রায় ১ লাখ মানুষকে ৫০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়, যা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।
অন্যদিকে, নিউটাউনের একটি অনুষ্ঠানে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বিস্ফোরক অভিযোগ এনে জানান, সীমানা পেরিয়ে কৃষি সরঞ্জাম আনার সময় কৃষক ও পরিবহণকারীদের কাছ থেকে পুলিশ ও দালালচক্র প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত বেআইনি তোলা আদায় করছে। এর ফলে সরকার ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলীয় বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, সিন্ডিকেট বা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।
