থাইল্যান্ড থেকে ১১ কোটির মাদক নিয়ে মুম্বইয়ে কেরলের রূপসী মডেল, গ্রেফতার! – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বই: থাইল্যান্ড থেকে বিমান ধরে মুম্বইয়ে পা রাখতেই বড়সড় ধাক্কা খেলেন কেরলের এক নামী মডেল। বিপুল পরিমাণ মাদক পাচারের অভিযোগে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে হাতেনাতে গ্রেফতার করল মুম্বই শুল্ক দফতর (Customs)। ধৃত ওই মডেলের নাম হর্ষা সানি।
শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, থাইল্যান্ড থেকে আসা ওই মডেলের ওপর আগে থেকেই আধিকারিকদের সন্দেহ হয়েছিল। এরপর বিমানবন্দরে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে শুল্ক দফতরের অফিসারদের। হর্ষার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১১.৮২৪ কেজি উচ্চমানের গাঁজা। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৮২ লক্ষ টাকা!
কেরলের এই মডেল এত বিপুল পরিমাণ মাদক নিয়ে থাইল্যান্ড থেকে কেন এসেছিলেন এবং মুম্বইয়ের কোন বড় মাদক চক্রের সাথে তাঁর যোগাযোগ রয়েছে, তা জানতে হর্ষাকে ম্যারাথন জেরা করছেন তদন্তকারীরা। এই মাদক পাচার চক্রের শিকড় কতদূর ছড়ানো, তা খতিয়ে দেখছে মুম্বই শুল্ক দফতর।
