‘থ্রি ইডিয়টস’ রিয়েল হিরোকে চিনতেন না আমির! ‘গজনি’র স্মৃতিভ্রংশের সঙ্গে তুলনা করে কী বললেন সোনম? – এবেলা

এবেলা ডেস্কঃ
‘থ্রি ইডিয়টস’ ছবি ও এর মূল অনুপ্রেরণা নিয়ে বলিউড অভিনেতা আমির খান ও প্রকৌশলী সোনম ওয়াংচুকের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কিছুদিন আগে এক অনুষ্ঠানে আমির দাবি করেছিলেন, সিনেমাটি তৈরির সময় তিনি সোনম ওয়াংচুককে চিনতেনই না এবং চরিত্রটি তাঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়। আমিরের এই মন্তব্যের তীব্র পাল্টা জবাব দিয়ে সোনম ওয়াংচুক বলেন, আমির যেন তাঁর অভিনীত ‘গজনি’ ছবির সেই চরিত্রের মতো আচরণ করছেন, যিনি ‘শর্ট-টার্ম মেমোরি লস’-এ ভুগতেন। একটি সাক্ষাৎকারে সোনম স্মরণ করিয়ে দেন যে, অতীতে তাঁদের মধ্যে একাধিকবার সাক্ষাৎ হয়েছে এবং একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আমির উপস্থিত ছিলেন।
সোনম ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনোই দাবি করেননি ‘থ্রি ইডিয়টস’ তাঁর সম্পূর্ণ বায়োপিক, তবে এটি তাঁর জীবন ও বিভিন্ন ধারণা দ্বারা প্রভাবিত ছিল। আলোচনার সময় শেয়ার করা ভাবনাগুলো হয়তো আমির পরে নিজের টিমের সঙ্গে কথা বলার সময় ভুলে গিয়েছিলেন বলে তাঁর ধারণা। এদিকে আমিরের সেই দাবির পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দর্শকাসনে বসে থাকা আমির খান হাততালি দিয়ে সোনম ওয়াংচুককে পুরস্কার গ্রহণ করার সময় অভিনন্দন জানাচ্ছেন। এই ঘটনার পর দুই ব্যক্তিত্বের সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
