দমদম স্টেশনে লাইনের কাজ, শনি ও রবি শিয়ালদহ শাখায় ট্রেন বাতিলের জেরে চরম দুর্ভোগের আশঙ্কা
শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। দমদম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৪ এপ্রিল শনিবার রাত এবং ৫ এপ্রিল রবিবার ভোরে শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ২০ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। ফলে সপ্তাহান্তে রেল পরিষেবায় বড়সড় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে, যা নিত্যযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এই সময়ের মধ্যে শিয়ালদহ থেকে ডানকুনি, নৈহাটি, বনগাঁ ও কৃষ্ণনগর লোকাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি বাতিল হয়েছে রানাঘাট লোকালও। লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি ট্রেনের গতিপথও সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন, শনিবারের লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার রানাঘাট পর্যন্ত চলবে এবং শান্তিপুর লোকাল ব্যারাকপুর পর্যন্ত যাতায়াত করবে। একইভাবে বনগাঁ লোকালের কিছু ট্রেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নিয়ন্ত্রিত হবে।
শুধু লোকাল ট্রেনই নয়, বেশ কিছু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, যোগবানি-কলকাতা এক্সপ্রেস এবং তিস্তা তোর্সা এক্সপ্রেস নির্ধারিত সময়ের বেশ খানিকটা দেরিতে ছাড়বে। এছাড়া পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস এবং গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের গতিপথ যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। দমদম স্টেশনের এই পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য যাত্রীদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে রেল প্রশাসন।
