দলের ভেতর বড় রদবদল, অসুস্থতার গুঞ্জন উড়িয়ে দিলেন মায়াবতী! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 13, 20263:33 pm
বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী। লখনউয়ের এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর অসুস্থতা নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন আকাশ। মায়াবতীর দাবি, আকাশ এখনও তাঁর শ্বশুর সিদ্ধার্থের প্রভাবে পরিচালিত হচ্ছেন। তাই তাঁর ছড়ানো কোনো বিভ্রান্তিকর তথ্যে দেশবাসী ও সংবাদমাধ্যম যেন কান না দেয়।
রবিবার আয়োজিত অল ইন্ডিয়া বৈঠকে দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে বেশ কিছু বড়সড় রদবদল এনেছে বিএসপি। বাতিল করা হয়েছে আগের ‘সেক্টর ইনচার্জ’ পদ। পাশাপাশি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডকে একটি বিশেষ সেক্টরে রেখে এবং দেশের বাকি অংশকে দুটি পৃথক সেক্টরে ভাগ করে সাংগঠনিক কাজের দিকনির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ও রাজ্য স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মুখ খোলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লখনউয়ের ইকো গার্ডেনে আন্দোলনরত পঞ্চায়েত সহায়কদের মানবিক কারণে সম্মানজনক ভাতা বা বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকারের কাছে জোরালো আবেদন জানান তিনি। এছাড়া নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) সম্মেলনকে ভারতের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করে একক মুদ্রা চালুর পক্ষে ইতিবাচক বার্তা দিয়েছেন মায়াবতী।
