দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর প্রকল্পে ৫ হাজার কর্মসংস্থানের আশ্বাস শিশির অধিকারীর

দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর প্রকল্পে ৫ হাজার কর্মসংস্থানের আশ্বাস শিশির অধিকারীর

পূর্ব মেদিনীপুরের পটাশপুর বাজারে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন শিশির অধিকারী। পটাশপুর পঞ্চায়েত ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ফিতে কেটে মূর্তির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবাস যোজনা ও ভি রামজী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।

গভীর সমুদ্র বন্দর প্রকল্প নিয়ে বলতে গিয়ে শিশির অধিকারী জানান, আগের সরকারের আমলে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্দর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। এমনকি বন্দর প্রকল্পের শিলান্যাসে প্রধানমন্ত্রী আসতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বন্দর নির্মিত হলে এলাকার অর্থনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন প্রাক্তন এই সাংসদ। তাঁর দাবি, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই বন্দর প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিক পরিকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *