‘দিমাগি’ নন, চিদম্বরম আসলে ‘খাঁটি নকশাল’! বিস্ফোরক হিমন্তের নিশানায় কংগ্রেস – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ বা মানসিক মাওবাদী মন্তব্যের পর জাতীয় রাজনীতিতে পারদ চড়েছে। প্রবীণ কংগ্রেস নেতা পি. চিদম্বরম নিজেকে ‘দিমাগি নকশাল’ বলে গর্বপ্রকাশ করার পর তাঁর ওপর তীব্র আক্রমণ শানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তের দাবি, চিদম্বরম শুধু মানসিকভাবেই নন, তিনি একজন ‘খাঁটি নকশাল’। এমনকি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মাওবাদী দমনে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছিলেন কি না, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবিও জানান আসামের মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী ও সাংসদ রবি শঙ্কর প্রসাদও কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন। সুধাংশু ত্রিবেদী জানান, চিদম্বরমের কার্যকালে দেশের ১৮০টি জেলায় নকশাল প্রভাব ছিল এবং এতে পাঁচ হাজারের বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
উল্লেখ্য, ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করেছিলেন যে জঙ্গল থেকে সশস্ত্র নকশাল নির্মূল হলেও সমাজের নীতিনির্ধারণী স্তরে এখনও ‘দিমাগি নকশাল’ বা শহুরে নকশালরা ঘাপটি মেরে রয়েছে। এর জবাবে ১৬ আগস্ট চিদম্বরম সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি একজন ‘দিমাগি নকশাল’ হতে পেরে গর্বিত!”— যার জেরেই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত।
