দিলজিতের কনসার্টে হামলার হুমকি, কড়া নিরাপত্তায় মুড়ল দিল্লি – এবেলা

এবেলা ডেস্কঃ
বিতর্কের জল গড়িয়ে অবশেষে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে দিলজিৎ দোসাঞ্ঝের বহুপ্রতীক্ষিত কনসার্ট। আগামী ৩০ অক্টোবর ‘পাঞ্জাব দি পুত্তর’-এর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র উন্মাদনার সৃষ্টি হয়েছে। বিপুল দর্শক সমাগম ও সুরক্ষার কথা মাথায় রেখে জওহরলাল নেহরু স্টেডিয়াম চত্বরে অভূতপূর্ব নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য উদ্যোক্তা ও দিল্লি পুলিশ যৌথভাবে ২০00 বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
নিরাপত্তার পাশাপাশি এলাকাটিতে যান চলাচল স্বাভাবিক রাখতেও অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। স্টেডিয়ামের ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে সাধারণ বা বাইরের কোনও গাড়ি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিশেষ সীমানায় শুধুমাত্র গায়কের নিজস্ব কনভয় এবং বিশিষ্ট অতিথিদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া তীব্র যানজট এড়াতে এবং দর্শকদের যাতায়াতের সুবিধার্থে ডিজিটাল নেভিগেশন ও রাইড-হেলিং সংস্থাগুলির সাহায্য নেওয়া হচ্ছে। কনসার্টের মাঝে গায়ক যাতে ভক্তদের কাছাকাছি যেতে পারেন, তার জন্য র্যাম্পের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি করা হয়েছে।
