দিল্লির পর কি কলকাতায় পুলিশি অনুমতি পাবে তৃণমূলের মিছিল? পুজোয় রাজপথে নামছেন মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির পথ অনুসরণ করে এ বার কলকাতার রাজপথেও কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিল তৃণমূল। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দুপুর দুটোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। তৃণমূলের প্রকাশিত প্রচারপত্রে এই কর্মসূচিকে বিপুল প্রতিবাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারের দাবি এবং বিরোধীদের উপর দমনপীড়নের অভিযোগ তুলে এই মিছিলে পা মেলানোর ঘোষণা করেছে শাসকদল। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথাও রয়েছে।
তবে পুজোর মুখে শহরের অন্যতম ব্যস্ত রুটে এই রাজনৈতিক মিছিলের অনুমতি দেওয়া নিয়ে কলকাতা পুলিশের ভূমিকা এবং প্রশাসনিক জটিলতা নিয়ে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। রাজাবাজার থেকে পার্ক সার্কাসমুখী এই গুরুত্বপূর্ণ রাস্তায় ইতিমধ্যেই সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং উৎসবের মরসুমে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার বিষয়টি প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। তৃণমূল মিছিলের ব্যাপারে অনড় থাকলেও বিরোধী দলগুলি এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ। সব মিলিয়ে পুজোপ্রাক্কালে কলকাতার রাজপথে এই কেন্দ্রবিরোধী রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
