দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে থাকার পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমানের উপদেষ্টা – এবেলা

দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে থাকার পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমানের উপদেষ্টা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে গিয়ে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডঃ জাহেদ-উর রহমান। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে সম্মেলনে অংশ নিতে গত ১৪ জুন সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না পেয়ে শেষ পর্যন্ত তিনি তৃতীয় একটি দেশের বিমান ধরে বাংলাদেশে ফিরে আসেন। প্রতিনিধি দলের নেতা হিসেবে তাঁর এই সফরের বিষয়টি আগেভাগেই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়েছিল।

প্রশাসনিক জটিলতা নাকি ভিন্ন কিছু

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বে ডঃ জাহেদের নাম একটি বিশেষ ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে সেই তালিকা থেকে তাঁর নাম প্রত্যাহার করা হলেও ইমিগ্রেশনের অভ্যন্তরীণ ওয়াচলিস্টে তা রয়ে যায়। মূলত এই প্রশাসনিক সমন্বয়হীনতা ও জটিলতার কারণেই তাঁকে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে বলা হয়েছিল। পরবর্তীতে অবশ্য এই জটিলতা কেটে যায় এবং তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে ততক্ষণে তিনি বাংলাদেশ অভিমুখে রওনা হয়ে যান।

টানাপোড়েনের আবহে নতুন মাত্রা

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক মাস ধরে একাধিক স্পর্শকাতর ইস্যুতে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সীমান্তে অনুপ্রবেশকারীদের পুশ ব্যাক বিতর্ক, কাঁটাতার নির্মাণ নিয়ে বিরোধ এবং বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত-বিরোধী বিক্ষোভের আবহে এই ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে সীমান্তে পাচাররোধ এবং পুশ ব্যাক ইস্যু নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মন্দিরে হামলার মতো ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষার জন্য ভারতের ওপর নির্ভরশীলতা বজায় রেখেও আঞ্চলিক ফোরামে এই ধরণের কূটনৈতিক অস্বস্তি দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *