দিল্লি বিমানবন্দরে ভয়াবহ আতঙ্ক, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী!

দিল্লি বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুরে স্পাইসজেট ও আকাসা এয়ারের দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লেহ থেকে আসা স্পাইসজেটের বিমানটি রানওয়ে দিয়ে পার্কিং বে-র দিকে যাওয়ার সময় স্থির অবস্থায় থাকা আকাসা এয়ারের অন্য একটি বিমানে ধাক্কা মারে। আকাসা এয়ারের বিমানটি তখন হায়দরাবাদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই আকস্মিক সংঘর্ষে উভয় বিমানের ডানা ও লেজের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি।
ঘটনার পরপরই উভয় বিমানের যাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। আকাসা এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুর্ঘটনার সময় তাদের বিমানটি স্থির ছিল। এই ঘটনায় যান্ত্রিক ত্রুটি নাকি মানবিক ভুল দায়ী, তা চিহ্নিত করতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত আকাসা এয়ারের ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে।
