দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডার ভেঙে ২০ ফুট নীচে পড়ে মৃত ৭ পুণ্যার্থী – এবেলা

এবেলা ডেস্কঃ
শনিবার সকালে রাজস্থানের কোটা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় অন্তত সাত জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও প্রায় দশ জন। মধ্যপ্রদেশের বেতুল জেলা থেকে একটি টেম্পো ট্রাভেলারে চেপে প্রায় কুড়ি জন যাত্রী রাজস্থানের খাটুশ্যাম মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। শনিবার সকাল সাতটা নাগাদ কারাড়িয়া টোল প্লাজা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মেরে প্রায় কুড়ি ফুট নীচে একটি নালায় পড়ে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমোচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পরবর্তীতে পুলিশ এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি ওপরে তোলে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিন জন মারা যান। চালকের ক্লান্তি বা ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
