‘দিল্লি হাসিনা-কার্ড খেলা বন্ধ করুক’, সরাসরি হুঁশিয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর – এবেলা

‘দিল্লি হাসিনা-কার্ড খেলা বন্ধ করুক’, সরাসরি হুঁশিয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

ঢাকা: ভারত সরকারকে ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়েছেন যে, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে রাজনৈতিক অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া এবং একই সাথে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা—এই দুই অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিএনপি অনুসারী শিক্ষকদের এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

সম্প্রতি দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব’-এ একটি বেসরকারি সংগঠনের আয়োজনে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে, ডিসেম্বরে তিনি দলবল নিয়ে দেশে ফিরবেন। তাঁর এই বক্তব্যের পর বিএনপি সরকার এবং তাদের মিত্র জামায়াতে ইসলামি-এনসিপি জোটে অস্বস্তি বাড়ে। সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে হাসিনাকে ‘দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী’ ও ‘দুষ্কৃতকারী’ হিসেবে আখ্যা দেওয়া হয়। তারেক রহমানের মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও এই ইস্যুতে সরব হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবারও দিল্লির ঐ বৈঠকের তীব্র সমালোচনা করে বলেছিলেন, “কীসের হাসিনা? শুধু মাঝে-মধ্যে কিছু আওয়াজ শোনা যায়। আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে।”

অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, দিল্লিতে আয়োজিত ওই বেসরকারি সাংবাদিক বৈঠকের ওপর ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। একই সাথে তিনি জানান, তারেক রহমানের সরকার সম্পর্কে শেখ হাসিনা যেসব মন্তব্য করেছেন, ভারত সরকার তার সাথে সহমত নয়। হাসিনাকে নিয়ে ঢাকার উদ্বেগের জবাবে দিল্লি ফের নিশ্চিত করেছে যে, বর্তমান তারেক রহমানের সরকারকেই তারা বৈধ বলে মনে করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *