দুধেও এবার মাইক্রো-প্লাস্টিক! সামনে এল শিউরে ওঠার মতো চাঞ্চল্যকর তথ্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় পশ্চিমবঙ্গ থেকে সংগৃহীত প্যাকেটজাত এবং গরুর কাঁচা দুধ— উভয় প্রকার Dudh-এই মাইক্রো-প্লাস্টিকের উপস্থিতি ধরা পড়েছে। আন্তর্জাতিক স্তরে সমাদৃত ‘জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালিসিস’-এ প্রকাশিত এই সমীক্ষা খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে নতুন করে মারাত্মক প্রশ্ন তুলেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট নয়টি নমুনা সংগ্রহ করা হয়। আধুনিক মাইক্রোস্কোপিক বিশ্লেষণ এবং স্পেকট্রোস্কপির মাধ্যমে পরীক্ষা করে প্রতি লিটার দুধে গড়ে প্রায় এগারোটি করে প্লাস্টিক কণা শনাক্ত করেছেন গবেষকরা।
পরীক্ষায় প্রাপ্ত এই মাইক্রো-প্লাস্টিক কণাগুলির প্রধান উপাদান হলো পলিইথিলিন ও পলিপ্রোপিলিন, যা সচরাচর প্লাস্টিক প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্যাকেটজাত দুধের পাশাপাশি গোরুর কাঁচা দুধেও একই উপাদানের উপস্থিতি মিলেছে। এর থেকে স্পষ্ট যে, শুধুমাত্র প্যাকেজিং নয়, বরং উৎপাদন, সংগ্রহ ও পরিবহণের বিভিন্ন পর্যায়েও বিষাক্ত প্লাস্টিক কণা দুধে মিশে যাচ্ছে। ভারতে দুধে মাইক্রো-প্লাস্টিক সংক্রান্ত এই প্রথম বেসলাইন সমীক্ষা দুগ্ধশিল্প ও মানব স্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গভীর আশঙ্কার সৃষ্টি করেছে।
