‘দুর্গাপুজো’ নয়, বিতর্ক উড়িয়ে ‘শারদোৎসবে’ই অনড় বামেরা! বুক স্টল কাণ্ডে রাজ্যজুড়ে জোর চর্চা – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুমে বইয়ের স্টল ঘিরে বিতর্ক ও আইনি লড়াইয়ের মাঝেই নিজেদের অবস্থানে অনড় রইল সিপিএমসহ বিভিন্ন বাম শরিক দল। ‘শারদোৎসব’ নাকি ‘দুর্গাপুজো’—এই শব্দ প্রয়োগ নিয়ে বিতর্কের মধ্যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর লিখিত শুভেচ্ছাবার্তায় অনুপস্থিত দেখা গেল ‘দুর্গাপুজো’ শব্দটি। পরিবর্তে তিনি বারবার ব্যবহার করেছেন ‘শারদোৎসব’। একইসঙ্গে উৎসবের দিনগুলিতে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান ফ্রন্ট চেয়ারম্যান। বিতর্ক প্রসঙ্গে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, বাঙালির জীবনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে যুক্ত। অন্যদিকে বাম নেতাদের একাংশের মতে, শুধুই একটি পুজো নয়, পুরো মাস জুড়ে একাধিক অনুষ্ঠান চলে বলে ‘শারদোৎসব’ শব্দই যথোপযুক্ত।
অন্যদিকে, বরানগর, ডানলপ, যশোর রোড ও ঢাকুরিয়াসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের প্রগতিশীল সাহিত্যের স্টল বসানো নিয়ে বাধা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গেরুয়া শিবিরের উসকানিকে দায়ী করেছে সিপিএম। এছাড়া নৈহাটি, বনগাঁ ও যশোর রোড এলাকায় বইয়ের স্টলের অনুমতি সংক্রান্ত মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে। শুনানি চলাকালীন আদালত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জানতে চায়, বেলুন বা বন্দুকের দোকান বসতে পারলে বইয়ের স্টল কেন নয়? এই প্রশাসনিক ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও রাস্তায় নেমে কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি আইনি লড়াইয়ে অবিচল রয়েছে বাম নেতৃত্ব।
