দুর্গাপূজার বিপর্যয় থেকে শিক্ষা, আসানসোলে কালীপূজো ও ছটে ‘ফুলপ্রুফ’ নিরাপত্তার ব্যবস্থা – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপূজায় চোরবাগানের ভয়াবহ প্রাণহানির ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কালীপূজো ও ছটপূজোয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব দেওয়া হয়েছে পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে। শনিবার আসানসোলে আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মন্ত্রী অজয় পোদ্দার উপস্থিত ছিলেন। বৈঠকে নদী ও পুকুর ঘাটগুলির নাব্যতা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়।
উৎসবের দিনগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ঘাটে সিসিটিভি ক্যামেরা ও হাই-পাওয়ারের আলো বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাজ সুচারুভাবে পরিচালনার জন্য প্রতিটি ঘাটে মোতায়েন থাকবেন একজন করে নোডাল অফিসার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সজাগ থাকার বার্তা দিয়ে জানান, গত ৪ তারিখ একই পরিবারের দুজন তলিয়ে যাওয়ার মতো ঘটনা যাতে আর না ঘটে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সরকারের তরফে নতুন ও পুরোনো সমস্ত কালীপূজোর অনুমতি সহজে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
