দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষহীন চাকরি! দায়িত্ব নিয়েই মেগা অ্যাকশন প্ল্যান নতুন উচ্চশিক্ষামন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার দায়িত্ব নিয়েই সাফ জানিয়ে দিলেন, সমস্ত রকম অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলার শিক্ষার হৃত গৌরব ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য।
শিক্ষামন্ত্রীর স্পষ্ট বার্তা, শুধু শিক্ষা দপ্তরই নয়, SSC, PSC, CSC, পুলিশ এবং পুরসভা ও পঞ্চায়েত নিয়োগের মতো প্রতিটি ক্ষেত্রেই শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। রাজ্যে আর কোনো যোগ্য প্রার্থীকে বঞ্চনার শিকার হতে হবে না। আমরা ঘুষ-মুক্ত চাকরি নিশ্চিত করতে বদ্ধপরিকর।” নতুন মন্ত্রীর এই কড়া বার্তার পর রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলোতে বড়সড় বদল আসতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
