দেশজুড়ে লাফিয়ে বাড়ছে সোয়াইন ফ্লু! কতটা বিপজ্জনক পরিস্থিতি, কী জানাচ্ছে আইসিএমআর? – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে H1N1 সোয়াইন ফ্লু। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে যে ভাইরাসগুলি ছড়াচ্ছে তা এ/মিসৌরি/১১/২০২৫ পিডিএম০৯-লাইক স্ট্রেনের অন্তর্গত এবং এগুলি নতুন কিছু নয়। ২০২৫ সাল থেকেই এই ভাইরাসের সংক্রমণ চলে আসছে এবং বর্তমান স্ট্রেনগুলি উত্তর গোলার্ধের নির্ধারিত ভ্যাকসিনের সঙ্গেই মিলে যাচ্ছে। তাই সামগ্রিক পরিস্থিতি চিকিৎসকদের নজরদারির মধ্যেই রয়েছে।
এদিকে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে দিল্লিতে, যেখানে চলতি বছরে আক্রান্তের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে ৩৫টি হাসপাতালকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সোয়াইন ফ্লুর উপসর্গগুলি সাধারণত সাধারণ সর্দি-কাশির মতোই হয় এবং পর্যাপ্ত বিশ্রামে তা সেরে যায়। তবে শিশু, প্রবীণ ও অন্যান্য জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকায় ভিড়ে মাস্ক পরা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।
