দেশজুড়ে স্তব্ধ আড়াই হাজারেরও বেশি পেট্রল পাম্প! নেপথ্যে কেন্দ্রের বিরাট কড়া পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ
গাড়িতে তেল ভরানোর আগে সাবধান! দেশজুড়ে একযোগে আড়াই হাজারের বেশি পেট্রল পাম্পে সাময়িকভাবে পেট্রল বিক্রি বন্ধ করে দিল কেন্দ্র সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক এবং সরকারি তেল সংস্থাগুলির যৌথ উদ্যোগে দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ ‘কোয়ালিটি-কন্ট্রোল’ বা গুণমান পরীক্ষা অভিযান।
এই অভিযানের আওতায় দেশের প্রধান তিন সরকারি তেল সংস্থা— ইন্ডিয়ান অয়েল (IOCL), হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এবং ভারত পেট্রোলিয়ামের (BPCL) পাম্পগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। সরকারি নির্দেশিকা মেনে এ পর্যন্ত মোট ২,৫৭৩টি রিটেল আউটলেটে পেট্রল বিক্রি স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েলের ১,২৫৭টি, হিন্দুস্তান পেট্রোলিয়ামের ৯১৫টি এবং ভারত পেট্রোলিয়ামের ৪০১টি পাম্প।
সম্প্রতি ই২০ (E20) ইথানল মিশ্রিত পেট্রল এবং ভূগর্ভস্থ তেলের ট্যাঙ্কে জল ঢুকে যাওয়ার নানা অভিযোগ সামনে আসছিল। সেই প্রেক্ষাপটেই এই মেগা অভিযান। দেশজুড়ে প্রায় ৮৯ হাজার রিটেল আউটলেটে বিশেষজ্ঞরা দিনে ৮ থেকে ১২ বার করে ট্যাঙ্ক পরীক্ষা করছেন। জল ছাড়াও স্টোরেজ ট্যাঙ্কের ত্রুটি এবং অন্যান্য প্রযুক্তিগত গাফিলতি ধরা পড়লে সাথে সাথে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক পাম্পেই নজরদারির জন্য বসানো হয়েছে ‘অটোমেটেড মনিটরিং সিস্টেম’ ও ‘ওয়াটার প্রব’। গুণমান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাম্পগুলিতে বিক্রি বন্ধই থাকবে।
