দেশভাগের যন্ত্রণায় ভিটেহারাদের জন্য বড় উদ্যোগ! শিয়ালদহ স্টেশনেই তৈরি হচ্ছে বিশেষ স্মৃতিসৌধ – এবেলা

এবেলা ডেস্কঃ
১৯৪৭ সালের মর্মান্তিক দেশভাগে ভিটেমাটি হারানো মানুষদের চরম সংগ্রাম ও যন্ত্রণাকে সম্মান জানাতে এক বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। রাতারাতি ঘরবাড়ি ও প্রিয়জন ছেড়ে আসা এই উদ্বাস্তু মানুষদের স্মৃতিরক্ষার্থে খাস কলকাতার শিয়ালদহ স্টেশনে নির্মাণ করা হচ্ছে একটি বিশেষ স্মৃতিসৌধ। বৃহস্পতিবার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করেন। আগামী নভেম্বরের মধ্যেই এই স্মৃতিসৌধের নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিগত কয়েক বছর ধরেই স্বাধীনতার ঠিক আগের দিন, অর্থাৎ ১৪ আগস্টকে দেশভাগের ‘বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই প্রেক্ষাপটেই এই বছর পাঞ্জাবের অমৃতসর এবং পশ্চিমবঙ্গের কলকাতায় বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের সদস্য সচিব সচ্চিদানন্দ যোশী জানিয়েছেন, সংস্কৃতি মন্ত্রকের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই শিয়ালদহের এই স্মৃতিসৌধটি তৈরি হচ্ছে। দেশভাগের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছিলেন, মূলত তাঁদের অপরিসীম লড়াইকে চিরস্মরণীয় করে রাখতেই এই শ্রদ্ধার্ঘ্য।
