দেশের প্রতিরক্ষায় নতুন মাইলফলক: জুনপুটে তৈরি হচ্ছে DRDO-র ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ
September 13, 202611:33 am
প্রতিরক্ষা পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলতে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জুনপুটে গড়ে উঠতে চলেছে নতুন ক্ষেপণাস্ত্র ও অস্ত্র পরীক্ষাকেন্দ্র। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র এই গুরুত্বপূর্ণ প্রকল্পে সম্প্রতি অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মতে, এই মেগা প্রকল্প রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
২০২৪ সালের এপ্রিল মাসে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলে একটি নতুন পরীক্ষাকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিল DRDO। তবে সেই সময় প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও প্রশাসনিক সহযোগিতার অভাবে প্রকল্পটি ঝুলে ছিল বলে অভিযোগ ওঠে। শুক্রবার এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, পূর্বে এই সংক্রান্ত চিঠির কোনো জবাব দেওয়া না হলেও বর্তমান পরিস্থিতিতে তিনি এতে পূর্ণ অনুমোদন দিয়েছেন। DRDO-র একটি সূত্রও রাজ্যে এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র তৈরির বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ওড়িশার চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত পরীক্ষাকেন্দ্রগুলির সঙ্গে যুক্ত হয়ে দেশের সামগ্রিক প্রতিরক্ষা গবেষণা ও পরীক্ষণের মানচিত্রে এক নতুন অধ্যায় যোগ করবে এই জুনপুট কেন্দ্র। বর্তমানে ওড়িশার চাঁদিপুর-অন-সি এবং উপকূলীয় অঞ্চলে অবস্থিত লঞ্চ কমপ্লেক্সগুলির মাধ্যমেই দেশের প্রধান ক্ষেপণাস্ত্র পরীক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। জুনপুটে এই কেন্দ্রটি চালু হলে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
