নন্দীগ্রামের সবকটি গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে

নন্দীগ্রামের সবকটি গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে

নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটল। বুধবার দাউদপুর গ্রাম পঞ্চায়েত দখলের মাধ্যমে নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের সবকটিতেই ক্ষমতা প্রতিষ্ঠা করল বিজেপি। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের হাত থেকে এই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদ ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। এর ফলে নন্দীগ্রামের দুটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই এখন বিজেপির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১২টি এবং বিজেপি ৫টি আসনে জয়লাভ করেছিল। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এতদিন তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েতে প্রধান ছিলেন সাবিনা ইয়াসমিন এবং উপপ্রধান ছিলেন আইনাল হক। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের জেরে অনাস্থা প্রস্তাব আনা হয়, যার ফলে তৃণমূলের হাত থেকে ক্ষমতা চলে যায় বিজেপির কাছে।

নতুন বিন্যাসে বিজেপির মুনমুন জল দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সবিতা জানা উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একসময়ের তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পঞ্চায়েতে বিজেপির এই জয় নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানিয়েছেন, মানুষের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করাই তাদের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *