‘নন্দীগ্রাম থেকে নবান্ন’: দুর্গাপূজোয় এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বায়োপিক থিম – এবেলা

এবেলা ডেস্কঃ
September 23, 20261:52 pm
কলকাতা: আসন্ন দুর্গাপূজোয় এক অভিনব চমক নিয়ে হাজির হতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভা। কসবা রুবি মোড়ের পূজোয় এবার স্থান পেতে চলেছে রাজ্য রাজনীতি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনসংগ্রামের ইতিহাস। কসবার এই পূজোর বিশেষ থিম— “নন্দীগ্রাম থেকে নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা”।
মণ্ডপের আকর্ষণ ও শর্ট ফিল্মের প্রদর্শনী মণ্ডপসজ্জায় বিভিন্ন ছবি, ব্যানার ও গ্রাফিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে শুভেন্দু অধিকারীর দীর্ঘ রাজনৈতিক লড়াই। এর পাশাপাশি মণ্ডপের ভেতরের প্রজেক্টর স্ক্রিনে দেখানো হবে একটি বিশেষ ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে তাঁর রাজনৈতিক সাফল্যের পুরো যাত্রা সেখানে তুলে ধরা হবে, যা যুবসমাজ ও রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী আয়োজকরা। এছাড়া, কালীঘাটের ঐতিহাসিক হিন্দু মহাসভা ঘাটের পবিত্র মাটি এনে গড়া হচ্ছে দেবীর মৃন্ময়ী প্রতিমা।
হেভিওয়েট অতিথিদের আমন্ত্রণ মণ্ডপ উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ‘গেস্ট অব অনার’ হিসেবে রাজ্যপাল আর. এন. রবি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের হাতেও আমন্ত্রণপত্র পৌঁছে দেবে সংগঠনটি। আয়োজকদের দাবি, দিল্লি সফরকালে রাষ্ট্রপতির ভবন ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই আয়োজনের জন্য শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।
সংকটে বাজেট, সরকারি অনুদানের আর্জি সংগঠন সূত্রে জানানো হয়েছে, সম্পূর্ণ নিজেদের পকেটের টাকা ও সদস্য চাঁদায় এই বিশাল পূজোর আয়োজন করা হচ্ছে। পূর্বতন সরকারের আমলে কোনো সহায়তা না পেলেও, বর্তমান রাজ্য সরকারের কাছে ঐতিহ্য ও বঙ্গ সংস্কৃতির বিষয়টি বিবেচনা করে বিনীতভাবে সরকারি অনুদানের আবেদন জানিয়েছেন পূজো উদ্যোক্তারা।
সম্প্রতি কসবায় আয়োজিত এক অনুষ্ঠানে এই থিম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অভিনব পূজো দেখতে রাজ্যবাসীকে খোলা মনে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।
