নাগপঞ্চমীর আবহেই মন্নতে তাণ্ডব, শাহরুখ খানের বিলাসবহুল বাংলোয় ঢুকল ৮ ফুটের বিশালাকার সাপ – এবেলা

এবেলা ডেস্কঃ
নাগপঞ্চমীর আবহেই বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের ব্যান্ড্রা ওয়েস্টের বিলাসবহুল বাসস্থান ‘মন্নত’-এ হঠাৎই উপস্থিত হয় ৮ ফুট লম্বা বিশালাকার সাপ। সোমবার রাতে মন্নতের উঠানের সিঁড়ির নিচে নিরাপত্তা কর্মীরা দুটি সাপকে একসঙ্গে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখেন। খবরটি জানাজানি হতেই মন্নত চত্বরে চরম শোরগোল পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই স্থানীয় বন বিভাগ ও পেশাদার বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। রেসকিউয়ার ভিকি দুবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮ ফুট লম্বা একটি ধামন বা দাঁড়াশ সাপ উদ্ধার করতে সক্ষম হন। সাপটি সম্পূর্ণ অবিষাক্ত হওয়ায় বন বিভাগের নির্দেশিকা মেনে তাকে নিরাপদ প্রাকৃতিক বাসস্থানে মুক্ত করে দেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানের সময় মন্নত চত্বরে লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় দ্বিতীয় সাপটি সুযোগ বুঝে সেখান থেকে চম্পট দেয়। বন্যপ্রাণী প্রেমীরা এই ঘটনায় জীবপ্রেমের গুরুত্ব তুলে ধরে সাপদের ক্ষতি না করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাগপঞ্চমীর পুণ্য তিথিতে ঘরে ঘরে যখন নাগ দেবতার আরাধনা চলছে, তখন কিং খানের বাড়িতে এই সাপের প্রবেশের ঘটনাটি ভক্তদের মাঝে দারুণ আলোচনার সৃষ্টি করেছে। উল্লেখ্য, বর্তমানে মন্নতে সংস্কারের কাজ চলায় শাহরুখ খান সেখানে সপরিবারে থাকেন না। আপাতত তিনি ভাড়ার ফ্ল্যাটে অবস্থান করছেন এবং তাঁর বহু প্রতীক্ষিত নতুন ছবি ‘কিং’-এর চিত্রগ্রহণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
