নানুরে পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের, চাঞ্চল্য এলাকায়

নানুরে পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের, চাঞ্চল্য এলাকায়

বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে রতন শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, এক কনস্টেবলকে গুলি করে পালানোর অভিযোগে তাঁকে খুঁজছিল পুলিশ। রবিবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য চারকোল গ্রামের কাছে উচকরন এলাকার একটি ইটভাটায় নিয়ে যাওয়া হলে, রতন ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রতন জখম হন। তাঁকে নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা ও মাদকপাচারের মতো একাধিক মামলা ছিল। শুক্রবার জামিনে ছাড়া পাওয়ার পর অন্য একটি মামলায় তাঁকে ধরতে গিয়ে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে গুলি লাগে। এই ঘটনার পর থেকেই পুলিশ তাঁকে খুঁজছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে রতনের মৃত্যুর খবরে তাঁর সাঁওতা গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমেছে। রতনের দাদা সালাম শেখ ও বৌদি চম্পা বিবি জানিয়েছেন, গত পাঁচ-ছয় বছর ধরে রতন গ্রামে থাকতেন না। চম্পা বিবি বলেন, রতন অপরাধ করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে জেলে রাখতে পারত বা কঠোর শাস্তি দিতে পারত, কিন্তু এভাবে তাঁর মৃত্যু তাঁরা চাননি। রতনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলেও পরিবার সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *