নাবালকদের টার্গেট করে কোটি টাকার প্রতারণা, আমডাঙায় ব্যাঙ্ক কর্মীসহ ধৃত ৫

নাবালকদের টার্গেট করে কোটি টাকার প্রতারণা, আমডাঙায় ব্যাঙ্ক কর্মীসহ ধৃত ৫

নাবালকদের অনলাইন গেম খেলার প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত নথি সংগ্রহের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে আমডাঙা থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এক নাবালকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত এক বছরে এই চক্রটি অন্তত ৫৩টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল। তদন্তকারীদের দাবি, এই জালিয়াতির সঙ্গে ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের সরাসরি যোগসূত্র রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমডাঙার সাধনপুরের বাসিন্দা দিব্যজ্যোতি সরকার ওরফে রাজু নাবালকদের নথি সংগ্রহ করে সিএসপি-র মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলত। সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড চলে যেত জামতাড়া গ্যাংয়ের সদস্যদের কাছে। গেমিং সংক্রান্ত লেনদেনসহ বিভিন্ন আর্থিক জালিয়াতিতে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হতো। এই ঘটনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা অপারেটর শেখ সরফরাজ ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে পুলিশ ৭১ হাজার ৫০০ টাকা নগদ, তিনটি স্মার্টফোন, প্রচুর পরিমাণে জাল নথি, তিনটি প্রিন্টার, একটি ফিঙ্গার স্ক্যানার এবং সরকারি ইঞ্জিনিয়ারের জাল স্ট্যাম্প উদ্ধার করেছে। ধৃতদের মধ্যে ঝাড়খণ্ডের বাসিন্দা শাহবাজ আনসারি ও সোনু আনসারিকে হাওড়ার ডোমজুড় থেকে এবং সুজয় চ্যাটার্জিকে গড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত পাঁচজনকে বারাসত আদালতে পেশ করা হয়েছে এবং প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *