নাবালিকার রহস্যমৃত্যুর জেরে রণক্ষেত্র বনগাঁ, ভাঙচুর ও পুলিশ আক্রান্তের ঘটনায় চরম উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপীনাথপুর এলাকায় অষ্টম শ্রেণির এক নাবালিকার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ভিনধর্মী এক যুবকের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সরব হয়েছে মৃতার পরিবার ও একাধিক হিন্দু সংগঠন। এই ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়তে হয় উর্দিধারীদের। হামলায় দুই আধিকারিকসহ মোট সাতজন পুলিশকর্মী জখম হয়েছেন। এই ভাঙচুর ও আক্রমণের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন। স্থানীয় বিধায়ক এই ঘটনার নিন্দা করে সবাইকে আইন নিজের হাতে না নেওয়ার এবং পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
