নারী শক্তি বিল নিয়ে সংসদে তোলপাড়, বিরোধীদের উৎসবকে চরম অপমান বললেন অমিত শাহ!

সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় লোকসভায় খারিজ হয়ে গেল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল। বুধবার বিলটির ওপর ভোটাভুটি হলে সরকারি পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়ে। সংবিধানের ১৩১তম সংশোধনী বিলটি পাসের জন্য প্রয়োজনীয় ৩৫২টি ভোটের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে না পারায় তা বাতিল হয়ে যায়। এই ঘটনার ফলে লোকসভা ও বিধানসভাগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রক্রিয়াটি বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়ল।
এই বিল খারিজের পর বিরোধী শিবির জয়ের উল্লাস প্রকাশ করলেও, এর তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে ও সমাজবাদী পার্টিসহ বিরোধী দলগুলোকে দায়ী করে অভিযোগ করেছেন যে, তারা পরিকল্পিতভাবে নারীদের অধিকার হরণের পথে বাধা সৃষ্টি করেছে। একে দেশের ৭০ কোটি নারীর সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করে অমিত শাহ সতর্ক করেছেন যে, বিরোধীদের এই আচরণের প্রভাব আগামী নির্বাচনে স্পষ্ট হবে এবং নারী শক্তির রোষের মুখে পড়তে হতে পারে।
