নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারতীয় ফুটবল দল। গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫-০ গোলে হারের পর এবার ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য কোচ খালিদ জামিলের শিষ্যদের। প্রথম ম্যাচে ভারতীয় দলের রক্ষণভাগের দুর্বলতা এবং আত্মঘাতী গোল বড় ব্যবধানে হারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে কোচ খালিদ জামিল দলের ফুটবলারদের মানসিকতা ও উন্নতির ইচ্ছাশক্তির ওপর আস্থা রেখেছেন এবং এই হার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ভালো পারফরম্যান্সের আশা প্রকাশ করেছেন।
আগামী ১৫ নভেম্বর, রবিবার ভারতীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে ম্যাচটি শুরু হবে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। উল্লেখ্য, এই স্টেডিয়ামে এটিই প্রথম কোনো ফুটবল ম্যাচ। প্রথম ম্যাচে জেসি রান্ডালের জোড়া গোল এবং ক্রিস উড ও লাচলান বেলিসের গোল নিউজিল্যান্ডকে বড় জয় এনে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে সেই ছন্দ ধরে রাখাই কিউইদের লক্ষ্য থাকবে।
ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য কিছুটা হতাশার খবর হলো, এই ম্যাচটি ভারতের কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। ফুটবলপ্রেমীরা FIFA+ প্ল্যাটফর্মের মাধ্যমে DAZN-এ এই ম্যাচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। মোবাইল, কম্পিউটার বা অন্যান্য সমর্থিত ডিভাইসের মাধ্যমে দর্শকরা সরাসরি খেলাটি দেখতে পাবেন। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর রক্ষণভাগ সামলে আক্রমণে কতটা উন্নতি করতে পারে ভারতীয় দল, এখন সেটাই দেখার বিষয়।
