নিউটাউনে বেআইনি গেস্ট হাউস ও স্কুলের রমরমা! কড়া পদক্ষেপে বন্ধের নোটিস দিল এনকেডিএ – এবেলা

এবেলা ডেস্কঃ
স্মার্ট সিটি নিউটাউনে আবাসিক বহুতলে কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে একাধিক গেস্ট হাউস। নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে সম্প্রতি নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) বিভিন্ন এলাকায় সরেজমিনে অভিযান চালায়। এই অভিযানে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যেখানে দেখা যায় কোনো বৈধ অনুমতি বা ফায়ার ছাড়পত্র ছাড়াই এই বাণিজ্যিক কার্যক্রম চলছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গত দুই সপ্তাহে মোট ১১টি বেআইনি গেস্ট হাউস বন্ধ করার নির্দেশ দিয়ে মালিকদের নোটিস পাঠিয়েছে কর্তৃপক্ষ।
এনকেডিএ সূত্রে জানা গেছে, অ্যাকশন এরিয়া ১এ, ১সি, ১ডি এবং ২বি জোনে এই অভিযান চালানো হয়। আবাসিক ভবনে বাণিজ্যিক কাজের সুনির্দিষ্ট গাইডলাইন থাকলেও তা পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। এমনকি গত ১২ আগস্ট অ্যাকশন এরিয়া ২বি এলাকার একটি আবাসিক ভবনে চলা অনুমোদনহীন শিশু স্কুলকেও বন্ধের নোটিস দেওয়া হয়েছে, যেটিরও কোনো ফায়ার লাইসেন্স ছিল না। প্রশাসনের স্পষ্ট বার্তা, জননিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না এবং এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
