নিউ জ়িল্যান্ডের মাটিতে শতরান: একাধিক রেকর্ডের মালিক হলেন কেএল রাহুল

ওয়েলিংটন টেস্টে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে একাধিক নজির গড়েছেন কেএল রাহুল। শনিবার নিজের টেস্ট কেরিয়ারের ১২তম শতরানটি পূর্ণ করেন তিনি। এই ইনিংসের মাধ্যমে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া— এই চার দেশে টেস্ট শতরান করার অনন্য কৃতিত্ব অর্জন করলেন রাহুল। এশিয়ার দ্বিতীয় ওপেনার হিসেবে এই তালিকায় নাম লেখালেন তিনি, এর আগে এই নজির ছিল পাকিস্তানের সইদ আনোয়ারের।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে মহম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি এই চার দেশে টেস্ট শতরান করার গৌরব অর্জন করেছিলেন। এছাড়া ২০২১ সাল থেকে টেস্ট ওপেনারদের মধ্যে সর্বাধিক সাতটি শতরানের তালিকায় বেন ডাকেট, যশস্বী জয়সবাল এবং দিমুথ করুণারত্নের পাশে বসলেন রাহুল। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও চারটি শতরান নিয়ে ট্র্যাভিস হেড ও টম লাথামের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।
ভারতের টেস্ট ওপেনারদের মধ্যে শতরানের নিরিখে মুরলি বিজয়ের ১২টি শতরানের রেকর্ডে ভাগ বসালেন রাহুল। এই তালিকায় তাঁর আগে রয়েছেন কেবল সুনীল গাওস্কর ও বীরেন্দ্র সহবাগ। দীর্ঘ ১২ বছর পর নিউ জ়িল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ক্রিকেটারের টেস্ট শতরান এল। ২০১৪ সালে ওয়েলিংটনে অজিঙ্ক রাহানে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন, এরপর রাহুল এই সাফল্য পেলেন।
