‘নিজেকে কি কোর্টের উপরে মনে করেন?’ বেআইনি নির্মাণ মামলায় উত্তর ২৪ পরগনার ডিএম-কে সশরীরে তলব – এবেলা

এবেলা ডেস্কঃ
ভিআইপি রোড এবং উল্টোডাঙা সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ ও জবরদখল মামলায় এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে তীব্র ভর্ৎসনা করে আগামী ২৩ জুলাই সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
খবরের মূল হাইলাইটস:
- ক্ষুব্ধ হাইকোর্ট: টানা ৩ বার রিপোর্ট তলব করার পরও সন্তোষজনক উত্তর না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ।
- কড়া পর্যবেক্ষণ: শুনানিপর্বে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, “জেলাশাসককে আসতে বলুন, উনি কি নিজেকে ডিভিশন বেঞ্চের উপরে মনে করেন? আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।”
- ভার্চুয়াল হাজিরায় ‘না’: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জেলাশাসকের ভার্চুয়াল হাজিরার আবেদন জানালে, আদালত তা সরাসরি খারিজ করে দেয়। আগামী ২৩ জুলাই সকাল ১০:৩০ টায় তাঁকে সশরীরে হাজিরা দিতেই হবে।
কী এই মামলা? ২০২২ সালে ভিআইপি রোডের দু’ধারে নয়নজুলি (খাল) বুজিয়ে বেআইনিভাবে পার্কিং প্লেস ও বিয়েবাড়ি নির্মাণের অভিযোগ ওঠে। সেই সময় তৎকালীন জেলাশাসক জবরদখলের কথা স্বীকারও করে নেন। এরপর জবরদখল মুক্ত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ একাধিকবার রিপোর্ট তলব করে।
২০২৬ সালেই চারবার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, প্রশাসন তা মানেনি। গত ১০ জুলাই ডিস্ট্রিক্ট ল অফিসারকে দিয়ে একটি দায়সারা হলফনামা জমা দেয় জেলাশাসকের দফতর। এরপরই কড়া অবস্থান নেয় হাইকোর্ট এবং খোদ জেলাশাসককে তলব করে কৈফিয়ত চাওয়ার সিদ্ধান্ত নেয় ডিভিশন বেঞ্চ।
