নিজেকে কি ডিভিশন বেঞ্চের চেয়েও বড় ভাবেন? জবরদখল মামলায় জেলাশাসককে চরম ভর্ৎসনা হাই কোর্টের! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভিআইপি রোড থেকে উল্টোডাঙা পর্যন্ত বেআইনি নির্মাণ ও জবরদখলের মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। বারবার সতর্ক করার পরেও দায়সারা রিপোর্ট জমা দেওয়ায় ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী ২৩ জুলাই তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। একজন গ্রুপ-ডি কর্মীকে দিয়ে অস্পষ্ট রিপোর্ট দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত প্রশ্ন তোলে, জেলাশাসক কি নিজেকে ডিভিশন বেঞ্চের চেয়েও বড় মনে করেন!
২০২২ সালে রাস্তার ধারে নয়নজুলি বুজিয়ে বেআইনি পার্কিং ও বিয়েবাড়ি নির্মাণের অভিযোগ তুলে এই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছিল। পূর্বে জবরদখলের কথা স্বীকার করলেও প্রশাসন পরবর্তীতে যথাযথ পদক্ষেপের কোনো সঠিক রিপোর্ট আদালতে জমা দেয়নি। বিচারপতির কড়া হুঁশিয়ারি, ইচ্ছে করে নির্দেশ অমান্য করে আদালতের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে, তাই অবিলম্বে উপযুক্ত হলফনামা ও রিপোর্ট সহ জেলাশাসককে হাজিরা দিতে হবে।
