নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড! এক সপ্তাহেই চূড়ান্ত চার্জশিট, স্বস্তিতে এনটিএ? – এবেলা

এবেলা ডেস্কঃ
আলোচিত নিট ইউজ ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলার তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের পথে। আগামী এক সপ্তাহের মধ্যেই সিবিআই এই মামলার দ্বিতীয় ও চূড়ান্ত চার্জশিট পেশ করতে চলেছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, এই চূড়ান্ত চার্জশিটে কেন্দ্রীয় সরকারের কোনো আধিকারিক বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির কোনো কর্তার নাম থাকছে না। এখনও পর্যন্ত এনটিএর নিযুক্ত বিষয় বিশেষজ্ঞ, কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ব্যক্তি, দালাল ও পরীক্ষার্থীসহ মোট ১৬ জনের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার জোরালো প্রমাণ মিলেছে।
প্রথম চার্জশিটে ১৩ জনের নাম থাকলেও পরবর্তীতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। মূল অভিযুক্ত তিন রসায়ন বিশেষজ্ঞ প্রশ্নপত্র গোপন এলাকা থেকে বাইরে নিয়ে যাওয়া ও মুখস্থ করার মতো গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। এদিকে এই ঘটনার জেরে দেশজুড়ে তীব্র ক্ষোভের মুখে এনটিএর কার্যপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রায় ৬০০ জন বিষয় বিশেষজ্ঞকে সরিয়ে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হলেও, সরকারি আধিকারিকদের ছাড় পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক এখনো থামছে না।
