নিম্নচাপ কাটলেও কি রেহাই মিলবে ভ্যাপসা গরম থেকে, এই সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? – এবেলা
এবেলা ডেস্কঃ
নতুন সপ্তাহের শুরুতেই রাজ্যবাসীর মনে প্রশ্ন জাগছে, নিম্নচাপ বিদায় নেওয়ার পরেও কি বৃষ্টি অব্যাহত থাকবে? আলিপুর আবহাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে কোনো বড় দুর্যোগের আশঙ্কা না থাকলেও এই সপ্তাহ জুড়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের তৈরি হওয়া পূর্ববর্তী নিম্নচাপটির প্রভাব কেটে যাওয়ায় সপ্তাহের প্রথম দুই দিন অর্থাৎ সোমবার ও বুধবারের আগে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এই সময়ে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি শুক্রবার বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে। তবে একটানা বৃষ্টি না হওয়ায় এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আপাতত চার দিন ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, কেবল দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
